২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে এক মাসে

এক মাসে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭৯ দশমিক ০৩ শতাংশ; মৃত্যু কমেছে ৭৭ দশমিক ৪৬ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 06:51 PM

Updated : 01 Sep 2022, 06:51 PM

দেশে অগাস্ট মাসে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জুলাই মাসের চেয়ে কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অগাস্ট মাসে সারাদেশে ৬ হাজার ৬৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে জুলাই মাসে ৩১ হাজার ৪৭২ জন রোগী শনাক্ত হয়েছিল। সে হিসাবে এক মাসে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭৯ দশমিক ০৩ শতাংশ।

জুলাইয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৪২ জনের। অগাস্টে মৃত্যু কমে ৩২ জনে নেমেছে। অর্থাৎ এক মাসে মৃত্যু কমেছে ৭৭ দশমিক ৪৬ শতাংশ।

দেশে গত এক দিনে ২১৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও দুইজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করে এই ২১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ২ শতাংশ ছিল।

বুধবার দেশে ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ১ জনের।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ১৬২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩২৫ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন।

গত একদিনে যে ২১৪ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ১৬৭ জনই ঢাকা বিভাগের। গত একদিনে দেশের ৪৭টি জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। বরিশাল বিভাগে একদিনে কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৩১ লাখের বেশি।