কোভিড: এক মাস পর দৈনিক শনাক্ত তিনশর বেশি
এর আগে সর্বশেষ ২ অগাস্ট ৩৭৫ জন কোভিড রোগী শনাক্তের তথ্য এসেছিল এক দিনে।
এক মাস পর হঠাৎ করেই এক দিনে তিনশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে দেশে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও সাড়ে ৬ শতাংশ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ। আগের দিন এই হার ৪ দশমিক ৯৩ শতাংশ ছিল।
রোববার দেশে ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল একজনের। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে একশর বেশি।
এর আগে সর্বশেষ ২ অগাস্ট ৩৭৫ জন কোভিড রোগী শনাক্তের তথ্য এসেছিল এক দিনে। তারপর গত এক মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিনশর নিচেই ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন।
গত একদিনে যে ৩৩৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ২৭৫ জনই ঢাকা বিভাগের। গত একদিনে দেশের ৪৪টি জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
গত এক সপ্তাহে দেশে শনাক্ত হয়েছে ১৪৪৪ জন কোভিড রোগী, যা আগের সাত দিনের চেয়ে ৭ দশমিক ২ শতাংশ বেশি। তবে এই সময়ে কোভিডে মৃত্যুর সংখ্যা কমেছে। গত এক সপ্তাহে মারা গেছেন ৬ জন, যা আগের সপ্তাহের চেয়ে ১৪ দশমিক ৩ শতাংশ কম।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৪৪ লাখের বেশি।
