২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়ন সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

সিসি ক্যামেরার ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্র ইউনিয়ন সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ফেস্টুন ভেঙে ফেলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য কালো ব্যানারে ঢেকে দেয় ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 10:01 PM

Updated : 21 Dec 2023, 10:01 PM

ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। আইন বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত এ শিক্ষার্থী নিরাপত্তা শঙ্কায় তার নাম সংবাদমাধ্যমে প্রকাশ করতে রাজি হননি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর ভাষ্য, তার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা নিয়ে গেছে একদল যুবক। তাদেরকে তিনি চিনতে পারেননি।

প্রক্টরকে দেওয়া অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, “টিএসসি থেকে ফেরার পথে ক্যাম্পাসের ছয়-সাতজন সহিংস শিক্ষার্থী আমার ওপর হামলা করে। আমাকে প্রচণ্ড জোরে চড়-থাপ্পর মারতে থাকে রাসেল টাওয়ারের পাশের জায়গাটায়।

“বারবার জিজ্ঞেস করছিল, আমি ছাত্র ইউনিয়ন করি কি না, কোন পদে আছি, বাম দল কখন থেকে করি। অথচ আমি কোনো বামদলের সদস্য না এবং ছাত্র ইউনিয়নও করি না এবং সেটাই বারবার বলছিলাম।”

ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আমার ব্যাগে গাঁজা দিয়ে জিজ্ঞেস করে, ‘আমি গাঁজা নিয়ে ঘুরছি কেন’। গাঁজার ছবিও তোলে ব্যাগের মধ্যে। কান ধরিয়ে আমার ছবি তোলে। আমার মেসেঞ্জার গ্রুপ চেক করে এবং আমার বিভিন্ন ব্যক্তিগত তথ্য জেনে নেয়।”

ছবি ও ব্যক্তিগত তথ্য অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন আইনের এই ছাত্র।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিসিটিভি ফুটেজ চেক করে পদক্ষেপ নেওয়া হবে।”

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এমন অভিযোগ অস্বীকার করেন।

তার দাবি, “ছাত্রলীগ এ ধরনের ঘটনায় কোনোভাবেই জড়িত নয়। ছাত্র ইউনিয়ন করলে কেন মারধর করা হবে? এটা ছাত্র ইউনিয়নই মারধর করে নাটক করছে।”

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি বসানো ও সরানো নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। ছাত্রলীগ দুই দফায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের পিটিয়েছে।

এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় টিএসসির সঞ্জীব চত্বরে সন্ত্রাসবিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে ছাত্র ইউনিয়ন। ওই অনুষ্ঠান শেষে এই মারধরের ঘটনা ঘটে।

এদিকে আইন বিভাগের শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজা অভিযোগ করে বলেন, ছাত্রলীগ সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে। এটিকে আর ছাত্র সংগঠন বলে অভিহিত করার কোনো সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মীদের খুঁজে খুঁজে মারধর করছে ছাত্রলীগ।

“ছাত্রলীগ ভীত হয়ে আছে, ক্ষমতা চলে গেলে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সময় এসেছে সম্মিলিতভাবে এদের মোকাবিলা করার। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিকট আহ্বান জানাই, ঐক্যবদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করে গণতান্ত্রিক শিক্ষার্থী প্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হন।"