২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৮ সিসি ক্যামেরায় নজরদারির আওতায় আসছে ঢাবি ক্যাম্পাস

“বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে,” বলেন," উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 02:04 AM

Updated : 06 Oct 2023, 02:04 AM

'অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ন্ত্রণ এবং ‘সুষ্ঠু পরিবেশ’ বজায় রাখতে নজরদারির আওতায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সেই লক্ষ্যে চালু হয়েছে ' ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম'। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৮টি ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মঙ্গলবার 'ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম'র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, "এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সড়ক ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস সিসিটিভি ক্যামেরা দিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রমান্বয়ে এই কার্যক্রম আরও জোরদার ও প্রসারিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে।"

বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের 'অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে' ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম 'গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে' বলে তিনি আশা প্রকাশ করেন।

সার্ভিলেন্স সিস্টেমের যথাযথ ব্যবস্থাপনায় ও রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান অধ্যাপক আখতারুজ্জামান।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02j4mPa3AC79cWT5WeUAih2Z6tUNDNtzaH1vdpnjPADy5d8Kn7cwesFSxJseefjGTEl