২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচ গান নাটকে সহজপাঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিক্ষামন্ত্রী দীপু মনিসহ অতিথিরা শিশুদের বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

Published : 30 Jul 2023, 11:28 PM

Updated : 30 Jul 2023, 11:28 PM

নাচ, গান, নাটকসহ বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘সহজপাঠ'।

রোববার সন্ধ্যায় ঢাকার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শান্ত হে মুক্ত হে' গানের সাথে নাচের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে শিক্ষার্থীরা দলীয় কণ্ঠে শোনায় 'স্কুল ব্যাগ' শিরোনামের গান। এছাড়া পুঁথি ও গম্ভিরা পরিবেশনের মধ্য দিয়ে নতুন জাতীয় পাঠ্যক্রমের গুণগত দিকগুলি উপস্থাপন করা হয়। সবশেষে শিক্ষার্থিরা মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক ‘তাসের দেশ'।

শিক্ষামন্ত্রী দীপু মনিসহ অতিথিরা শিশুদের বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

দীপু মনি বলেন, “এই অনুষ্ঠানে আমি যা বলব, তা শিশুরা নাটক, গান, গম্ভিরার মধ্য দিয়ে বলে দিয়েছে। আমার আর কিছু বলার নেই। শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিখতে চায়। শিক্ষার পরিবেশ হবে আনন্দময়। আমরা নতুন শিক্ষাক্রমে সেই আনন্দের পরিবেশই করতে চাইছি। ফলে শিশুরা যা এই অনুষ্ঠানে বলেছে, তার পর আর বলার কিছু নাই।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, সহজপাঠের অধ্যক্ষ মোমেনা বেগম, সহজপাঠ ট্রাস্টি বোর্ডের সভাপতি আবুল মোমেন এবং সহজপাঠ সুহৃদ সংসদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। এছাড়া সহজপাঠ উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, “এই শিশুরা যেভাবে এত বড় বড় সংলাপ বলে অভিনয় করেছে। আমি মুগ্ধ বিস্ময়ে শিশুদের অভিনয়ে রবীন্দ্রনাথের 'তাসের দেশ' দেখেছি। শিশুদের গান, নাচ আমি মুগ্ধ হয়ে দেখেছি।"