২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবের নতুন উপ-উপাচার্য অধ্যাপক জুড

এর আগে তিনি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ও স্কুল অব সোশাল সায়েন্স- এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউল্যাবের নতুন উপ-উপাচার্য অধ্যাপক জুড

অধ্যাপক জুড ইউলিয়াম হেনিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 06:08 PM

Updated : 29 Mar 2023, 06:07 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপ-উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক জুড ইউলিয়াম হেনিলো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুপারিশে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ চার বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করেন।

এই পদে নিয়োগ পাওয়ার আগে তিনি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান, স্কুল অব সোশাল সায়েন্স- এর ডিন ও প্রাতিষ্ঠানিক গুণমান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) পরিচালকের দায়িত্বে ছিলেন।

ইউল্যাবে যোগদানের আগে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি জনসংযোগ বিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামের প্রধান ছিলেন। এছাড়া থাইল্যান্ডের ব্যাংককের কাসেটসার্ট ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক জুড `কমিউনিটি-বেসড কমিউনিকেশন: আ নিউ অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট কমিউনিকেশন’ বইয়ের লেখক। এছাড়া বাংলাদেশের পরিবর্তনশীল মিডিয়াস্কেপ: ফ্রম স্টেট কন্ট্রোল টু মার্কেট ফোর্সেস- এর সহ সম্পাদক।

তিনি মুহাম্মদ আবদুল কাদেরের সঙ্গে ‘রিভিজিটিং আনোয়ার হোসেন'স '৭১’ শিরোনামের একটি বই সহ সম্পাদনা করেন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চের (আইএএমসিআর) বাংলাদেশের অ্যাম্বাসেডর তিনি।

ইউনিভার্সিটি অব দি ফিলিপিন্স-ডিলিমান থেকে পিএইচডি ডিগ্রি অর্জনসহ কমিউনিকেশন্সে মাস্টার্স করেছেন অধ্যাপক জুড। পাশাপাশি তিনি ডি লা সালে ইউনিভার্সিটি- ম্যানিলা থেকে অর্থনীতিতে ব্যাচেলর অব আর্টস ও ব্যবস্থাপনায় ব্যাচেলর অব সায়েন্স ইন কমার্স ডিগ্রি অর্জন করেন।