জবি ছাত্রলীগের কমিটি পুনর্বহাল
“স্থগিতের প্রাসঙ্গিক কারণ সমাধান হওয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে," বলছেন কেন্দ্রীয় নেতা ইন্দ্রনীল দেব শর্মা।
রাষ্ট্রপতির ছেলে রিয়াদ আহমেদ তুষারের ব্যক্তিগত গাড়িচালককে মারধরের ঘটনার পর স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংসদ।
শনিবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থগিতের প্রাসঙ্গিক কারণ ছিল; সেগুলোর সমাধান হয়ে গেছে। তাই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।"
গত ২৬ জুন ওয়ারীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম হলের কাছে কৌশিক সরকার সাম্য নামে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এক শিক্ষার্থী রাষ্ট্রপতির ছেলের গাড়ি চালককে মারধর করে।
পরদিন ওয়ারী থানায় কৌশিকসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নজরুল। কৌশিক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
সেময়ই কর্মীদের দিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি করার ঘটনাও সামনে আসে। তারপর ১ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়।
তবে কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ তখন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ প্রকাশ্যে আনেনি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ‘প্রেমঘটিত’ কারণে মারামারির জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করা হয়।
তিন বছর বাদে গত ১ জানুয়ারি ইব্রাহিম ফরাজী ও আখতার হোসেনের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্ৰীয় ছাত্রলীগ।
