সন্ধ্যায় ফেইসবুকে ‘বিদায়’ লিখলেন ঢাবি ছাত্র, ভোরে মিলল লাশ
নাবিল হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন, যিনি আগের দিন ফেইসবুকে 'বিদায়' লিখে পোস্ট দেওয়ায় পরিবারের সন্দেহ হয়েছিল।
নাবিল হায়দার নামের ২৬ বছর বয়সী ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তিনি।
বিশ্ববিদ্যালয়ের এসএম হলের আবাসিক ছাত্র নাবিল বৃহস্পতিবার রাতে ছিলেন খিলগাঁওয়ে তার এক বন্ধুর বাসায়। তারাই শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নাবিলের বড় ভাই তওসিফ উদ্দিন তনয় জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাবিল ‘বিদায়’ লিখে একটি ফেইসবুক পোস্ট দেয়, সঙ্গে ভাঙা ফ্রেমের একটি চশমার ছবি। সেটা দেখে সন্দেহ হওয়ায় তিনি নাবিলের সাথে যোগাযোগ করেন এবং রাতে খিলগাঁওয়ে সেই বন্ধুর বাসায় গিয়ে তাকে দেখেও আসেন।
“তখন তাকে স্বাভাবিক অবস্থাতেই দেখেছি। ওকে আমার বাসায় নিয়ে আসতে চেয়েছিলাম, রাজি হয়নি। পরে ওর বন্ধুরাও আমাকে আশ্বস্ত করল যে তারা আছে, সমস্যা নেই। রাত ৮টার দিকে আমি ওই বাসা থেকে বের হয়ে আসি।
“তারপর ভোর রাতের দিকে ওর এক বন্ধু আমাকে ফোন করে জানাল, নাবিল অচেতন হয়ে পড়ে আছে। পরে ওই বাসা থেকে ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই, চিকিৎসকরা ওকে মৃত ঘোষণা করেন।"
নাবিলের কী ঘটেছে সে বিষয়ে তার বন্ধুরাও নিশ্চিত নয়। তবে তাদের ধারণা, আত্মহত্যা করেছেন ওই তরুণ।
নাবিলের বন্ধু ইয়াসিন আল শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েক দিন ধরে ও কিছুটা অন্যরকম ছিল। শুনেছি পরিবারের সঙ্গে নাবিলের কিছু বিষয় নিয়ে ঝামেলা ছিল। আমাদের ধারণা, সে আত্মহত্যা করেছে। তবে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না আসলে কী হয়েছে।”
সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ইকবাল রউফ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবার জানিয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাবিল হয়ে মারা গেছে। তার ফেইসবুক স্ট্যাটাসটা সন্দেহজনক। আসলে কীভাবে মারা গেল, সেটার তদন্ত হোক তার পরিবার চাচ্ছে না। সে ফেইসবুকে ‘বিদায়’ স্ট্যাটাস দেওয়ায় সবাই ধারণা করছে আত্মহত্যা করেছে।”
শনিবার ভোলার বোরহানউদ্দিনের বাড়িতে নাবিলের জানাজা হবে। এরপর পারিবারিক করস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন বড় ভাই তনয়।
