বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনী শিক্ষা উৎসাহিত করুন: মসিউর
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের বস্টন ক্যাম্পাসে দিনব্যাপী সেমিনারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।
উচ্চ শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের বস্টন ক্যাম্পাসে শুক্রবার ইন্টারন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে সরকারের প্রত্যক্ষ সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
দিনব্যাপী এ সেমিনারে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারের বিষয়ে ইন্টারন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উচ্চ শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করছেন উচ্চ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনরা।
সেমিনারে তারা বলেছেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন।”
সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বাংলাদেশে উচ্চ শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর অবদানের কথা তুলে ধরে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই শিক্ষার গুণগত মান বজায় রাখার দিকে মনযোগী হতে হবে।
গবেষণা ও উদ্ভাবনী শিক্ষাকে উৎসাহিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবু তাহের সংখ্যা বিবেচনায় না নিয়ে শিক্ষার সামগ্রিক পরিবেশের মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্যানেল আলোচক নিউ ইংল্যান্ড উচ্চ শিক্ষা বিষয়ক কমিশনের (এনইসিএইচই) ভাইস প্রেসিডেন্ট ক্যারোল অ্যান্ডারসন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়নের পাশাপাশি কীভাবে উচ্চ শিক্ষার স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, মেটাভার্স প্রযুক্তির বিকাশ, নৈতিক অবস্থান, আইনি চ্যালেঞ্জ এবং ভবিষ্যত সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন এসব প্রযুক্তি পরবর্তী স্তরের উচ্চ শিক্ষায় কীভাবে ব্যবহার করা যায় সেটির প্রস্তুতি নিয়ে সেমিনারে আলোচনা করেন ম্যাসাচুসেটস ইনস্টটিউট অব টেকনোলজির অধ্যাপক অনন্ত আগরওয়াল।
বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তজার্তিক বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ, গবেষণা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক-গবেষকরা আলোচনা করেন।
