Published : 16 Mar 2026, 12:38 PM
আন্তর্জাতিক কলেজিয়েট প্রগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) পশ্চিম এশিয়া সংস্করণে তৃতীয় হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের দল ‘এআইইউবি মডুলারিটি’।
আর সামগ্রিকভাবে দলটি পঁয়তিশতম স্থান অর্জন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৭ ও ৮ মার্চ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিপিসি বিশ্বের অন্যতম বৃহৎ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের সমস্যা সমাধান দক্ষতা ও কম্পিউটিং সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এআইইউবির ‘মডুলারিটি’ দলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরেই অবস্থান করে।
দলটি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এবং জাহাঙ্গীরনগর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর দলকে পিছনে ফেলতে সক্ষম হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এআইইউবির এই দলটি ভারতের ২১টি দল এবং পাকিস্তানের অংশগ্রহণকারী সব দলকেও পিছনে ফেলেছে বলে তুলে ধরা হয়।
এআইইউবির ‘মডুলারিটি’ দলের সদস্যরা হলেন— ফয়সাল আমিন আবির, শামিন ইয়াসির ও আহনাফ তানভির তাসিন; তারা সবাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।