গুচ্ছ ভর্তি: জগন্নাথে সভায় শিক্ষকের উপর সহকর্মীদের ‘হামলা’
“অনেকেই আক্রমণ করেছে, কারা করেছে তা মনে করতে পারছি না- আমি মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছি,” বলেছেন আক্রান্ত শিক্ষক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সহকর্মীদের হাতে এক শিক্ষক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতিতে থাকা না থাকার প্রশ্নে আলোচনাকালে তার উপর হামলা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ এমন ঘটনার কথা স্বীকার করে শিক্ষকদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে বৃহস্পতিবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় একটি কমিটি গঠন করা হয়।
এ কমিটি গঠন বিধিসম্মত হয়নি বলে মতামত দেওয়ায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কাদেরের উপর কয়েকজন শিক্ষক চড়াও হন বলে জানিয়েছেন কাউন্সিলের একাধিক সদস্য।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের সব সদস্যই গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নিতে ভর্তি কমিটি গঠনের পক্ষে মত দেন। তবে আব্দুল কাদের তাতে কিছুটা দ্বিমত প্রকাশ করেন।
এরপরই এই শিক্ষককে মারতে কয়েকজন শিক্ষক ঝাঁপিয়ে পড়েন জানিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুটা গুচ্ছের পক্ষে বলায় তাকে এসে ঘুষি মারছিলেন কয়েকজন শিক্ষক। যা দেখলাম তা অসভ্যতা ছাড়া কিছুই না। মনে হচ্ছিল চাকরি ছেড়ে চলে যাই।”
ঘটনার শিকার অধ্যাপক আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের অ্যাকাডেমিক কাউন্সিলে যে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটা সিন্ডিকেটে গিয়ে নোট ডাউন করতে হবে। তারপর নিশ্চিত করতে হবে গুচ্ছ থেকে বের হয়ে গেছে, এরপর নতুন প্রক্রিয়া শুরু করতে হবে- এটাই আমি বলেছিলাম।
“এরপর কোনো একজন অ্যাকাডেমিক কাউন্সিল সদস্য বলেন, অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ে এ কথা না বলে এখানে বলছি কেন? তখন আমি কথা বলতে গিয়েছি, আমাকে কথা বলতে দেওয়া হয়নি।”
এরপর শারীরিক আক্রমণের শিকার হন জানিয়ে তিনি বলেন, “আমি শকড। শিক্ষকরা এরকম করতে পারে তা ভাবতে পারি না।”
কারা মারধর করেছে, এ প্রশ্নের উত্তরে অধ্যাপক কাদের বলেন, “অনেকেই আক্রমণ করেছে, কারা করেছে তা মনে করতে পারছি না- আমি মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছি।”
মারধরের একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক চেয়ার থেকে উঠে হামলাকারী শিক্ষকদের থামান বলে জানান তিনি।
এই হামলায় জড়িত হিসেবে যাদের নাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এসেছে, তাদের একজন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন।
শিক্ষক সমিতির সাবেক এই সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে ‘বুঝতে পারছি না’ বলে দুইবারই ফোন কেটে দেন।
অভিযোগ ওঠা আরেক শিক্ষক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এরকম কিছু দেখিনি। কোনো শিক্ষক- শিক্ষকের উপর চড়াও হতে পারে আপনার মনে হয়?”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও ঘটনাটি দেখেছে। অবস্থা দেখে খুব খারাপ লেগেছে। আমাদের উঠে গিয়ে দাঁড়াইতে হইছে সামনে। এমন হলে বিশ্ববিদ্যালয় কীভাবে এগোবে?”
