১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জগন্নাথের সংগীত বিভাগের ছাত্রীর মৃত্যু, 'বন্ধু' থানায়

“আমরা রাতেই জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যাক্তিকে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় কোন মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 01:30 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এক ছাত্রী মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীর ‘বন্ধুকে’ থানায় নিয়েছে পুলিশ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, মঙ্গলবার বিকেলে প্রত্যাশা মজুমদার নামের ছাত্রীকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যাশা জগন্নাথের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন, তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন তিনি। এ ঘটনায় প্রত্যাশার ‘বন্ধু’ ইয়াসিন মজুমদার নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সূত্রাপুর থানায় নিয়েছে পুলিশ।

অধ্যাপক তাজাম্মুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম হাসপাতালে গিয়ে মেয়েটিকে মৃত অবস্থায় পেয়েছি। তার লাশ মর্গে রাখার ব্যবস্থা করা করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক যুবককে থানায় আটক করা হয়েছে। আমরা রাতেই পরিবারের সাথে যোগাযোগ করেছি। তদন্ত ছাড়া মূল ঘটনা বলা যাচ্ছে না।"

সহপাঠীরা বলছেন, মঙ্গলবার বিকালে প্রত্যাশার ‘বন্ধু’ ইয়াসিন মেস থেকে তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক প্রত্যাশার মৃত্যু নিশ্চিত করার পর ইয়াসিনের আচরণ সন্দেহজনক বলে মনে হয়। এরপর সূত্রাপুর থানায় পুলিশ ইয়াসিনকে তাদের হেফাজতে নিয়ে যায়।

সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রাতেই জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যাক্তিকে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় কোন মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, প্রত্যাশা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তার সঙ্গেই ছিলেন।

“বাসায় যাওয়ার পর কি যে হল, ঘন্টা দেড়েক পর মেয়েটির মৃত্যুর খবর শুনি। তার অকাল প্রয়াণে সংগীত বিভাগ শোকাহত।"