২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর অপরাধ দমনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার

“কিশোর গ্যাং অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে,” বলেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 09:06 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

দেশে ‘কিশোর গ্যাংয়ের’ তৎপরতা, প্রভাব ও কিশোর অপরাধ দমনে পদক্ষেপের বিষয়ে সেমিনার আয়োজন করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

বুধবার ঢাকায় বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ ‘কিশোর গ্যাং কালচার ইন বাংলাদেশ: কজেস, কনসিকোয়েন্সেস অ্যান্ড কাউন্টারমেজারস’ শীর্ষক ওই সেমিনার আয়োজন করে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক শেখ হাফিজুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস. এম. শামীম রেজা, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) খ. মহিদ উদ্দিন সেমিনারে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে কিশোর গ্যাং অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ‘সংস্কৃতি’ মোকাবিলায় শক্তিশালী আইন ও পরিবারগুলোর বিশেষ ভূমিকা প্রয়োজন।”

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব, আইন বিভাগের চেয়ারম্যান জাহিদ মুস্তফা সেমিনারে বক্তব্য দেন।