৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল

"সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 02:29 AM

Updated : 26 Aug 2026, 11:53 AM

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

রোববার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে তাদের এ মিছিল শুরু হয়।

তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকার বিভিন্ন হলে হলে গিয়ে মিছিল করে পরে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়', 'দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ', ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে' – ইত্যাদি স্লোগান দেওয়া হয় মিছিল থেকে।  

মিছিলে থাকা একজন শিক্ষার্থী বলেন, সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘ব্যর্থতার জন্য’ তার পদত্যাগ চাইছেন তারা। 

রাজু ভাস্কর্যের সমাবেশে জসীমউদ্দীন হলের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী নুরুল গনি ছগির বলেন, “তিনি স্বরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে। আপনারা যদি এসব সমাধান করতে না পারেন, আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর দায়িত্ব ছেড়ে দেন। একটা গুম খুনও হবে না।

"দেশে একটা চাঁদাবাজি, একটা ধর্ষণ, একটা খুন আমরা হতে দেব না, আপনি দায়িত্ব ছেড়ে দিলে আমরা নিজ দায়িত্বে এসবের দায়িত্ব নেব।”

বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, “বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের অনেকগুলো গোয়েন্দা সংস্থাও এর সাথে জড়িত থাকতে পারে আমরা জেনেছি। সেনাবাহিনীকে ছয় মাস আগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই ছয় মাসে কোনো কার্যক্রম করেনি সেনাবাহিনী। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।"

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, “আগামীকাল দুপুর ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা তা নেব। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরও গুম হয়েছে। আমরা পুলিশ ও সেনাবাহিনীর কার্যক্রমের জবাবদিহিতা চাই।"