ঢাবির বাজেটে গবেষণায় বরাদ্দ ১.৬৪%
৯১৩ কোটি ৮৯ লাখ টাকার এ বাজেটের ৬৮ দশমিক ২৯ শতাংশই যাবে শিক্ষক-কর্মচারীদের বেতনা-ভাতায়।
নতুন অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১ দশমিক ৬৪ শতাংশ।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেট পাস হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২৩-২৪ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করেন।
আগের অর্থবছরে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হলেও সংশোধনে তা বেড়ে ৯২৪ কোটি ৫০ লাখ টাকা হয়। সেই হিসাবে এবার মোট বরাদ্দ কমেছে ১ শতাংশের মত।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থেকে অনুদান হিসেবে ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৮৫ কোটি টাকা আয় ধরা হয়েছে বাজেটে। তাতে ঘাটতি থাকবে ৬০ কোটি ৯ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটের ৭২৪ কোটি ১২ লাখ টাকা, অর্থাৎ মোট বাজেটের ৬৮ দশমিক ২৯ শতাংশই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন বাবদ ব্যয় হবে।
অন্যান্য অনুদান বাবদ আরও ৩৩ কোটি ৭৪ লাখ টাকা খরচ ধরা হয়েছে; এছাড়া পণ্য ও সেবা বাবদ ২০৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা, মূলধন খাতে ৩২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা খাতে বরাদ্দ থাকছে গেল অর্থবছরের মতই ১৫ কোটি ৫ লাখ টাকা।
অধিবেশনে জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে সিনেট সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, “গবেষণায় ১ দশমিক ৬৪ শতাংশ বরাদ্দ খুবই অপ্রতুল। এটা কোনো বরাদ্দই নয়। এই বরাদ্দ কমপক্ষে ৫ শতাংশ করা উচিত ছিল।”
অধিবেশনে বাজেট উপস্থাপন করতে গিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ অফুরন্ত নয়। নিজস্ব আয় খুবই সীমিত। এই আয়ের সঙ্গে প্রতি বছর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- এর মাধ্যমে সরকারের দেওয়া বরাদ্দ যুক্ত হয়।
"এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যয় দক্ষতার সঙ্গে মেটানো বেশ কঠিন কাজ। সম্পদ শিক্ষার মানের উত্তরণ যেমন ঘটায় না, তেমনি বলা যায় পর্যাপ্ত সম্পদ ছাড়া মানসম্মত শিক্ষা ও গবেষণার কাজ নিশ্চিত করা যায় না।"
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নানামুখী চ্যালেঞ্জের সময়োপযোগী সমাধানের জন্য আমরা সমন্বিত চেষ্টা অব্যাহত রাখছি। শিক্ষার্থীদের আবাসন সঙ্কট খুবই প্রকট।
“প্রণীত নীতিমালার আলোকে সিট বণ্টন এবং প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে আবাসিক হলে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের নানা প্রয়াস থাকলেও অনেক সীমাবদ্ধতার কারণে আশানুরূপ মানে পৌঁছানো এখনো সম্ভব হয়নি। এজন্য আমি দুঃখিত। তবে প্রণীত মাস্টারপ্ল্যানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটলে শিক্ষার্থীদের জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে।"
