২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞান কলেজের কপালে ‘ব্যবসায় শিক্ষা’ বিভ্রাট

একাদশে ভর্তি নিয়ে তালগোলের মধ্যে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে ‘ব্যবসায় শিক্ষা’ শাখায় ভর্তির জন্য দুইশ শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি, যেখানে ঢাকার নামি এই কলেজে বাণিজ্য শাখাই নেই। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2015, 08:40 PM

Updated : 12 Oct 2022, 03:56 PM

বিপাকে পড়ে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সঙ্গে আলোচনা করে কলেজ কর্তৃপক্ষও ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে; যদিও বাণিজ্যের কোনো শিক্ষক তাদের নেই।

এখনকার সরকারি বিজ্ঞান কলেজ ১৯৫৪ সালে যাত্রা শুরু করেছিল টেকনিক্যাল হাই স্কুল নামে। ১৯৬২ সালে এর নাম পাল্টে হয় ‘ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ’।

১৯৮৫ সালে বিএসসি কোর্স চালুর মধ্য দিয়ে ‘সরকারি বিজ্ঞান কলেজ’ নামে এ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

২০০৯ সালে এ কলেজে বিজ্ঞানের পাশপাশি ব্যবসায় শিক্ষা বিভাগ যুক্ত হলেও ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে তা বন্ধ ঘোষণা করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর পর তিনটি শিক্ষাবর্ষে ওই শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল।

“তবে ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়নি। তাই বর্তমানে ব্যবসায় শিক্ষার কোনো শিক্ষকও নেই।”

অধ্যক্ষ জানান, ব্যবসায় শিক্ষা শাখা খোলার সময় ৩০০ আসনে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হলেও বিজ্ঞানের জন্য বিশেষায়িত কলেজ হিসাবে পরিচিতি থাকায় তিন বছরে অল্প সংখ্যক শিক্ষার্থীই এ কলেজে ব্যবসায় শিক্ষায় ভর্তি হয়েছিলেন।

“ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা আসার পর মন্ত্রণালয় ও বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন, ব্যবসায় শিক্ষার জন্য নতুন করে শিক্ষক দেওয়াসহ যাবতীয় বিষয়গুলো তারা দেখবেন।”

শেষ পর্যন্ত ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী ভর্তি করতেই হচ্ছে জানিয়ে হাবিবুর রহমান বলেন, “ক্লাস শুরু করতে আমাদের সমস্যা নেই। কম্পিউটার বিষয় পড়ানোর জন্য যে শিক্ষক রয়েছেন তিনি তো সব বিষয়ই পড়াতে পারেন।”

খোঁজ নিয়ে দেখা যায়, ২০১৩ সালে সরকারি বিজ্ঞান কলেজ ব্যবসায় শিক্ষা শাখা তুলে দিলেও মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নথিতে এখনও ওই কলেজে ব্যবসায় শিক্ষার জন্য ৩০০ আসন বরাদ্দ থাকার কথা লেখা রয়েছে।

Image
সরকারি বিজ্ঞান কলেজে (ফাইল ছবি)

সরকারি বিজ্ঞান কলেজে (ফাইল ছবি)

এবার সফটওয়্যারের মাধ্যমে একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা তালিকাসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বিজ্ঞান কলেজেও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী মনোনয়ন হয়ে যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বিজ্ঞান কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে ব্যবসায় শিক্ষায় মনোনীতদের ভর্তি করার নির্দেশনা দিয়েছেন।

তবে এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একাদশে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে এবার নানা ধরনের জটিলতায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। একসঙ্গে সারা দেশের ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থীর ৩৩ লাখ আবেদন সমন্বয় করতে গিয়ে বুয়েটের সহযোগিতায় তৈরি সফটওয়্যার বিগড়ে গেলে মেধা তালিকা প্রকাশ তিন দিন বিলম্বিত হয়।

সেই কারিগরি জটিলতা কাটিয়ে নির্ধারিত তারিখের তিন দিন পর গত রোববার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

এখনও ভর্তি শেষ না হলেও এরইমধ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মঙ্গলবার ক্লাস শুরু করেছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ।