জাবিতে জুবায়ের হত্যাকাণ্ডের আসামিকে চাকরি থেকে বরখাস্ত
ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের আসামি মাহমুদুল হাসান মাসুদকে চাকরি থেকে বরখাস্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মাসুদ বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে মাস্টার রোলে কর্মরত নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছিলেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়েছে, “চার্জশিটভুক্ত আসামি হওয়ায় এবং তার বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন থাকায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।”
অব্যাহতির বিষয়ে পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এমদাদুল হক বলেন, “মাসুদকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। সে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি।”
প্রশাসনের এই পদক্ষেপের ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সংগঠক ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসন এতদিন পরে চাপে পড়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।
“এই বিচারের বিষয়ে তাদের আন্তরিকতা তখনই প্রমাণিত হবে যখন তারা খুনিদের বিচারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্যাম্পাসে খুনিদের বিচারণ বন্ধ করবে।”
২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগে প্রতিপক্ষের হামলার শিকার হন ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের। পরদিন হাসপাতালে মারা যান তিনি।
এই হত্যার বিচার দাবি করে সেসময় ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুবায়েরের চিহ্নিত খুনিদের ক্যাম্পাস থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। একইসাথে প্রশাসন বাদী হয়ে মাসুদসহ ১৩ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলাও করে, যা বর্তমানে দ্রুত বিচার আদালতে বিচারাধীন।
