২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসি ঘেরাও, উত্তেজনা জাবিতে

আন্দোলনরত শিক্ষক সমিতির সভাপতির বাড়িতে বোমা হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের বাড়ি ঘেরাও করে রেখেছে শিক্ষকরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 01:02 AM

Updated : 23 Aug 2022, 07:24 PM

আন্দোলনরত শিক্ষকরা বুধবার রাতেই উপাচার্যের পদত্যাগ দাবি করেন।  এই উত্তেজনার মধ্যে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে যান ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন।

তিনি উপাচার্যের সঙ্গে দেখা করে শিক্ষকদের আশ্বাস দেন, বৃহস্পতিবার সকালেই উপাচার্য ক্যাম্পাস ছাড়বেন।

এর আগে বাইরে স্লোগানের মধ্যে আন্দোলনরত শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অবিলম্বে এই উপাচার্যকে পদত্যাগ করে চলে যেতে হবে।”

অধ্যাপক আনোয়ারের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষক সমিতি ও শিক্ষক ফোরাম।

রাত সাড়ে ৮টার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

দোতলার জানালায় ছোড়া ওই দুটি হাতবোমায় কেউ হতাহত না হলেও বিস্ফোরণের বিকট শব্দে বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা জড়ো হয়ে তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানান। পরে কয়েকটি হলের শিক্ষার্থী ও শিক্ষকরা আলাদাভাবে মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে জড়ো হন।

অজিত কুমারের স্ত্রী নন্দিতা মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাসার ভেতরে বিস্ফোরণে আতঙ্কে রয়েছি, প্রশাসন নির্বিকার রয়েছে।”

বিস্ফোরেণের ঘটনায় সাভার সার্কেলের এএসপি রাসেল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিস্ফোরণের প্রতিক্রিয়ায় অধ্যাপক অজিত কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভয়ভীতি দেখানোর এই প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ে খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো, প্রশাসনের পুরো ‘টিম’টাই অশুভ।”

উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেই অজিত কুমারের বাসায় হামলা হয়েছে মনে করেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন।

তিনি বলেন, “আন্দোলন থেকে বিরত রাখতেই আমাদের নেতার বাড়িতে এই হামলা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনে উপাচার্যের পক্ষের লোকদেরই এই ঘটনার সঙ্গে যোগসাজস রয়েছে বলে তিনি দাবি করেন।

গত ৮ নভেম্বর ও ১ ডিসেম্বর মোবাইল ফোনে হুমকি দিয়ে আন্দোলন থেকে বিরত থাকতে শিক্ষক সমিতির  সভাপতিকে বার্তা দেয় দুর্বৃত্তরা।

পদত্যাগের দাবিতে সোমবার থেকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের অবস্থানের মধ্যে ভবনের ভেতর থেকে সোমবার সকালে একটি হাতবোমা এবং কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ।

পুরনো খবর:

জাবি উপাচার্যের বাড়িতে শিক্ষকদের অবস্থান চলছে
জাবি শিক্ষকদের ‘সতর্ক’ করলেন নাহিদ
ব্যবধান মাত্র ১০ গজ