২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্যের বাড়িতে শিক্ষকদের অবস্থান চলছে

পদত্যাগের দাবিতে উপাচার্যের বাড়িতে অবস্থান চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 11:14 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

তাদের পাশাপাশি আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন, যা স্পষ্টতই উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের ওপর চাপ বাড়িয়ে তুলবে।

জাকসু নির্বাচন এবং পরবর্তী উপচার্য প্যানেল নির্বাচন করে সরে যাওয়ার প্রতিশ্রুতি অধ্যাপক আনোয়ার দিলেও শিক্ষকরা তাকে অবিলম্বে পদত্যাগের জন্য চাপ দিয়ে যাচ্ছেন।

শনিবার ধর্মঘট শুরুর পর রোববার রাতে উপাচার্যের বাড়িতে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষকরা। বাসভবনের ভেতরে বারান্দায় সোমবার দিনভরও তাদের অবস্থান চলছিল।

‘সাধারণ শিক্ষক ফোরামের’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি চললেও তাতে সমর্থন রয়েছে শিক্ষক সমিতির।

এর মধ্যে দুপুরে শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান।

সমিতির এই আহ্বানের মধ্যে নিজেদের কিছু পুরনো দাবি আগামী ৭ নভেম্বরের মধ্যে আদায় না হলে পরদিন থেকে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রহিম।

উপাচার্যকে তার বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। একে ‘অসহযোগ’ কর্মসূচি বলছেন শিক্ষকরা। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে এলেও তাকে ফিরিয়ে দেন আন্দোলনরত শিক্ষকরা।

সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের একরোখা অবস্থানের বিপরীতে অসহযোগের ডাক দেয়া ছাড়া আমাদের বিকল্প ছিল না।”

এদিকে উপাচার্য ভবনের বারান্দায় সংবাদ সম্মেলনে শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান উপাচার্যের সঙ্গে প্রশাসনিক ব্যক্তিদের সাক্ষাতের ওপর ‘বিধিনিষেধ’ আরোপ করে বলেন, “পদ ছাড়ার ঘোষণা দিলেই তাকে আমরা সম্মানের সঙ্গে বিদায় নিতে সহযোগিতা করব।”

শিক্ষকদের অবস্থানের মধ্যে অধ্যাপক আনোয়ার সস্ত্রীক তার বাড়িতেই রয়েছেন, তবে বাড়ির দরজা সারাদিন বন্ধ দেখা যায়।

রোববার রাতে উপাচার্য ভবনে জড়ো হয়ে প্রায় শ’খানেক শিক্ষক বিভিন্ন বিষয়ে অধ্যাপক আনোয়ারের কাছে কৈফিয়ত চান।

তিনি নিশ্চুপ হয়ে আন্দোলনরত শিক্ষকদের কথা শোনেন। এসময় তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে কটাক্ষও করেন কয়েকজন শিক্ষক।

শিক্ষক সমিতির ডাকা সর্বাত্মক অবরোধের তৃতীয় দিন সোমবার বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল।

প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান থাকায় নিবন্ধক আবু বকর সিদ্দিক ও উপাচার্যের সচিব আমজাদ হোসেনকে সকালে উপাচার্য ভবনের সামনে রাখা একটি গাড়িতে প্রায় দুই ঘণ্টা বসে থাকতে দেখা যায়।

অধ্যাপক আনোয়ারকে কয়েক দফা সময় বেঁধে দেয়ার পর শনিবার থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় শিক্ষক সমিতি। তাদের সঙ্গে একাত্মতা জানায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসা শিক্ষক ফোরাম।

অধ্যাপক আনোয়ার শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের আশা প্রকাশ করে ইতোপূর্বে বলেছেন, “নয়তো চাকরি বিধি অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।”

ওই বক্তব্যের ধারাবাহিকতায় রোববার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারকে চিঠি দেয়া হয়। তাকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বাধা না দিতে তার প্রতি আহ্বান জানানো হয়।

ওই চিঠির প্রতিক্রিয়ায় সন্ধ্যার পর শিক্ষক ক্লাবে বৈঠক করেন সমিতির নেতাসহ আন্দোলনরত শিক্ষকরা। এরপর তারা উপাচার্যের বাড়িতে যান।

ছাত্রলীগের একদল কর্মীর হাতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হওয়ার পর গত বছর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরিফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেয় সরকার।

পরে নির্বাচনের মাধ্যমে স্থায়ী হওয়া এই উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আন্দোলনে নামে শিক্ষকরা।

শিক্ষক সমিতির আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়লে এই বছরের শুরুতে হাই কোর্ট এক আদেশে শিক্ষা কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি না করার নির্দেশ দেয়।

এরপর কৌশল বদলে শিক্ষক ফোরাম নামে আন্দোলন শুরু করে শিক্ষকরা। ওই আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষকরা আন্দোলন স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ার পর অভিযোগ তুলে পুনরায় আন্দোলনে নেমেছে শিক্ষকরা।