জাবি শিক্ষকদের ‘সতর্ক’ করলেন নাহিদ
আলোচনার মাধ্যমে সমাধান না করলে রাষ্ট্রপতির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে ‘বাধ্য’ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী বলেছেন, “আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করলে রাষ্ট্রপতির মাধ্যমে আইন প্রয়োগের সর্বশেষ যে সুযোগ রয়েছে, তা প্রয়োগে সরকার বাধ্য হবে।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার কথা তুলে ধরে সংসদ সদস্য তারানা হালিম শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
জবাবে নাহিদ বলেন, “সহকর্মীকে ঘেরাও করে দাবি আদায়ের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়।”
উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষকদের প্রতিনিধিত্বকারী সংগঠন শিক্ষক সমিতি।
হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষক সমিতি আন্দোলন প্রত্যাহার করলে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে নতুন কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষকরা।
উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে এবং চারদিন নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মহিবুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করা হয়। তাদের তদন্ত প্রতিবেদন এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংসদে নুরুল ইসলাম নাহিদ বলেন, “আন্দোলনটি কিছুটা রাজনৈতিক এবং কিছুটা ব্যক্তিগত বলেই প্রতীয়মান হয়। বিশ্ববিদ্যালয়কে জিম্মি করার এ ধরনের ঘেরাও সংস্কৃতি সবাইকে পরিহার করতে হবে।”
তিনি বলেন, “শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। কারণ তারা জনগণের টাকায় পড়াশুনা করেছেন, এখন জনগণের টাকায় বেতন পান। সহকর্মীকে ঘেরাও করে দাবি আদায়ের সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষকরা আমাদের পথ প্রদর্শক। কিন্তু তাদের কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখছেন?”
বর্তমান সরকারের সময় একদিনের জন্যও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি দাবি করে নাহিদ বলেন, “বুয়েট ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কিছুটা সমস্যা হয়েছিল। আমরা তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করেছি।”
