হরতালে পরীক্ষা চালিয়ে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আগের কয়েকদিনের মতো হরতালের মধ্যে বুধবারও নির্ধারিত পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার নির্ধারিত পরীক্ষা যথাসময়ে হবে।
মঙ্গল ও বুধবার সারাদেশে বিএনপির হরতালের কর্মসূচি রয়েছে।
হরতালের মধ্যে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) পার্ট-৩-এর (পঞ্চম সেমিস্টার) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বুধবার এই বিষয়েরই পার্ট-৪ এর পরীক্ষা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে ৬৫ জন পরীক্ষার্থী রয়েছে এবং ঢাকায় একমাত্র কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবারের আগে হেফাজতে ইসলামের হরতালের দিন সোমবারও পরীক্ষা নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।
