২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত মানের খাবারের দাবিতে রাবি’র হলে বিক্ষোভ

‘নিম্নমানের’ খাবার পরিবেশনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা হলে ভাঙচুরও চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিম্নমানের’ খাবার পরিবেশনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা হলে ভাঙচুরও চালায়। বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান আবাসিক হলের শিক্ষার্থীরা শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মতিহার থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান ওই হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে শিক্ষার্থীরা হঠাৎ করে হবিবৃুর রহমান হলের মূল ফটকে জড়ো হয়ে খাবারের ‘নিম্নমান’ ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। তিনি বলেন, এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা হলের কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া কিছু শিক্ষার্থী বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগেরও চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রমজান মাসের শুরু থেকে হলে পরিবেশিত খাবারের মানে কোন পরিবর্তন আনা হয়নি। অথচ আমরা হল প্রাধ্যক্ষকে খাবারের মান উন্নত করতে রমজানের আগে থেকে অভিযোগ করে আসছি। “কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। তাই বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে।” এদিকে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শহীদ ইকবাল বলেন, “খাবারের মান উন্নত করার যে দাবি উঠানো হয়েছে তা ঠিক নয়। আমরা খাবারের আগের মূল্যেই রমজান মাসে খাবার পরিবেশন করেছি।” হলের খাবারের মান ‘যথেষ্ট ভাল’ বলেও তিনি দাবি করেন। প্রাধ্যক্ষ আরো বলেন, কয়েকজন শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে একত্রিত হয়ে এই ধরনের কর্মকা- করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো আমি শুনেছি। এই বিষয়ে হল প্রাধ্যক্ষকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩৫ ঘ.