মানিকগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের ১০০টি উত্তরপত্র ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যার পর উচুটিয়ার বাসিন্দারা দু'টি বাণ্ডিলে ১০০টি উত্তরপত্র বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখে নিকটবর্তী আনসার ক্যাম্পে খবর দেন। আনসার বাহিনীর সদস্যরা উত্তরপত্র উদ্ধার করে জেলা আনসার অ্যাডজুটেন্ট-এর কার্যালয়ে জমা দেন। পরে খাতাগুলো ট্রেজারিতে এনে রাখা হয়।
এ ব্যাপারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে খাতাগুলো ঢাকা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার তপন কুমার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তপন কুমার সরকারের বরাত দিয়ে জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলা দ্বিতীয় পত্রের খাতা মূল্যায়নের জন্য গত ১৯ এপ্রিল পরীক্ষকদের মাঝে বিতরণ করা হয়। উদ্ধারকৃত উত্তরপত্রগুলো কোনো পরীক্ষকের কাছ থেকে খোয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কার কাছ থেকে খোয়া গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৫ ঘ.
bdnews24