টাঙ্গাইল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে।
বিদ্যমান বিএসসি (অনার্স) ডিগ্রিকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে রোববার তারা অনশন শুরু করে।
এ পর্যন্ত ১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এরমধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. টি এম শফি বলেন, অসুস্থ হওয়ায় খন্দকার মনিরুজ্জামান, মো. সোহেল রানা, আসাদুজ্জামান, আতিকুর রহমান, সাবিয়া তামান্না ও মনিরা খন্দকারকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া মো. রুমান মাহমুদ, মাইনুল হাসান, শামসুল হক, নুরুন্নবী সিদ্দিক, তামান্না আক্তার, আরিফুল ইসলাম ও শিপলুকে স্যালাইন দেওয়া হয়েছে।
রোববার রাতে বিভাগীয় চেয়ারম্যান রোকেয়া বেগম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী ও প্রক্টর উমর ফারুক শিক্ষার্থীদের দেখতে যান বলে ওই বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল হাদী জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত বছরের ১২ জুলাই ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রি পরিবর্তনের দাবি জানিয়ে তাকে একটি স্মারকলিপি দেয়। এরপর শুরু করে আন্দোলন।
পরে তারা শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও স্মারকলিপি দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিদ্ধান্ত নেয়- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রণীত কারিকুলাম ও পাঠ্যক্রম অনুসারে বর্তমানে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধীনে যে ডিগ্রি বিদ্যমান রয়েছে তা অপরিপরিবর্তিত থাকবে।
তাই শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে তাদের তিনি ক্লাসে ফিরে আসার আহ্বান জানান উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২০ ঘ.
bdnews24