২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে এসএসসির খাতা গম ক্ষেতে

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি গম ক্ষেত থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞানের দুইশ' খাতা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

নাটোর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি গম ক্ষেত থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞানের দুইশ' খাতা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কুরসাইট গ্রামের ওই ক্ষেত থেকে খাতাগুলো উদ্ধার করা হয়। মূল্যায়নের জন্য এসব খাতা বড়াইগ্রাম উপজেলার নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে দিয়েছিলো রাজশাহী শিক্ষা বোর্ড। প্রধান শিক্ষক আলাউদ্দিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সাধারণ বিজ্ঞানের দুইশ' খাতা গ্রহণ করেন তিনি। রাজশাহী থেকে বাসযোগে এসে তিনি রাতে বড়াইগ্রামের কয়েন বাজারে নামেন। ভ্যানে করে বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভ্যান থামিয়ে রাস্তার পাশে গেলে চালক চটের বস্তায় ভরা খাতা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন আলাউদ্দিন। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরীক্ষার খাতার সন্ধানে শুক্রবার সকালে এলাকায় মাইকিং করা হয়। স্থানীয় এক কৃষক তার গম ক্ষেতে খাতার বস্তাটি দেখে সকাল সাড়ে ১১টার দিকে থানায় খবর দেন। এরপর খাতাগুলো উদ্ধার করার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/২১০০ ঘ.