২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ভর্তি: মাদ্রাসা ছাত্রদের সুযোগ দাবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তিতে স্থানীয় কোটা বরাদ্দ ও মাদ্রাসা ছাত্রদের ভর্তির সুযোগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

সিলেট, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তিতে স্থানীয় কোটা বরাদ্দ ও মাদ্রাসা ছাত্রদের ভর্তির সুযোগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, এবছর মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ৭টি বিষয়ে ভর্তি হতে পারবে না বলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে। তারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটের শিক্ষার্থীদের শাবিপ্রবিতে উচ্চতর ডিগ্রি লাভের সুযোগ দিতে স্থানীয় অগ্রাধিকার কোটা বিশ ভাগ নির্ধারণের দাবি জানান। পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ বন্ধ করে ভর্তির সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের সভাপতি এইচএম আব্দুর রহমান, সিলেট সিটি কাউন্সিলর মো. রাজিক মিয়া প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৯ ঘ.