বরগুনা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা সফরের জন্য অনুদানের দাবিতে বৃহস্পতিবার বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভের এক পর্যায়ে তারা প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ তালা ভেঙে ৩ ঘণ্টা পর অধ্যক্ষকে মুক্ত করে।
অধ্যক্ষ ফজলুল হক সাংবদিকদের বলেন, শিক্ষার্থীরা শিক্ষা সফরের টাকা দাবি করলেও এখাতে কোনো বরাদ্দ না থাকায় দেওয়া সম্ভব হয়নি। তাতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
বরগুনা থানার ওসি বাবুল আখতার বলেন, অধ্যক্ষ অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে তাকে উদ্ধার করে।
পরিস্থিতি শান্ত হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৫ ঘ.
bdnews24