ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৫ জন শিক্ষার্থী।
এ বছরই প্রথমবারের মতো রাজধানীর সরকারি স্কুলে প্রথম শ্রেণীতে লটারি করে শিক্ষার্থী ভর্তি হতে যাচ্ছে।
এজন্য গত ৮-১৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি ফরম বিতরণ করা হয়।
গত ৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি সংক্রান্ত এক সভায় লটারির মাধ্যমে ভর্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর ১৩ টি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণী রয়েছে। এসব স্কুলে আসন সংখ্যা এক হাজার পাঁচশ। এসব আসনের বিপরীতে ফরম জমা পড়েছে ৩৬ হাজার ৩০১ টি। এ হিসাবে প্রথম শ্রেণীতে প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ২০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রথম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ২১, ২২ এবং ২৩ ডিসেম্বর। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। প্রথম পর্যায়ে ক্লাস্টার পদ্ধতিতে তিনটি গ্র"পে এই ১৩টি স্কুলে লটারি অনুষ্ঠিত হবে। এলাকার ভিত্তিতে এগুলো বন্টন করা হয়েছে। তবে, যেসব এলাকায় একাধিক স্কুল রয়েছে সেগুলোকে দু' গ্র"পে ভাগ করা হয়।
'ক' গ্র"পের স্কুলগুলোর মধ্যে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ২৪০ আসনের বিপরীতে ফরম জমা পড়ে সাত হাজার ৫৪৪ টি। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে এক হাজার ৩৬৭ টি ফরম জমা পড়েছে। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ আসনের বিপরীতে ফরম জমা পড়ে এক হাজার ২৪ টি ।
'খ' গ্র"পের মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে ছয় হাজার ৫৩০ টি, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে এক হাজার ১০ টি ফরম, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে ২,২০২ টি, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে ২,৩৫৬টি, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলের ১২০ আসনের বিপরীতে ১,৫৩০টি এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ আসনের বিপরীতে ১,২৩০ টি ফরম জমা পড়ে।
'গ' গ্র"পের ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের ৬০ আসনের বিপরীতে ৬,১২৭ টি ফরম, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে ১,৯৯৩ টি, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে ৭৫৩ টি, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২০ আসনের বিপরীতে ২,৫৭৫ টি ফরম জমা পড়েছে।
এই ১৩ টি স্কুলসহ রাজধানীর ২৪ টি সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ফরম জমা পড়ে ৭২ হাজার ৪১৬ টি।
দ্বিতীয় থেকে নবম শ্রেণীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর।
এ বছর প্রথমবারের মতো ভর্তি ফরমের সঙ্গে শিক্ষার্থীদের জন্ম সনদ জমা দিতে হবে।
ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত আসন সংখ্যা ৬ হাজার ৫১।
প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির বয়সসীমা পাঁচ থেকে শুরু হয়ে সাত বছর পর্যন্ত হবে। পাঁচ বছরের নিচে বা সাত বছরের বেশি কেউ প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে না
দ্বিতীয় পর্যায়ে সারাদেশে মাউশির আওতাধীন ৩১৭টি স্কুলের যেগুলোতে প্রথম শ্রেণী রয়েছে সেখানেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে এ বছর।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক জাকির হোসেন জানান, যেসব স্কুলে প্রথম শ্রেণীতে লটারিতে টিকেও শিক্ষার্থী ভর্তি হবে না, সেক্ষেত্রে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০২৪ ঘ.
bdnews24