২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে রুয়েট ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ১৩৫

হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি ও বিভিন্ন মামলায় রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 08:14 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

রাজশাহী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি ও বিভিন্ন মামলায় রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ হোসেনও রয়েছে। মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১৫ নভেম্বর হরতালের সময় বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় মতিহার থানায় দায়ের করা পুলিশের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।" একই অভিযোগে স্থানীয় ছাত্রদল কর্মী খায়রুল ইসলাম ডাকুকেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার মধ্য রাতে মতিহারের খোঁজাপুর ও বাখরাবাজ এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওসি আবুল খায়ের বলেন, "শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরীর বোয়ালিয়া থানায় ১১ জন, শাহমখদুম থানায় ২ জন ও মতিহার থানায় ২ জনকে এবং জেলার ৯ থানায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রোকন উদ্দিন জানান, গত রাতে জেলার ৯ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে পবা থানায় ১১ জন, গোদাগাড়ীতে ২০ জন, তানোরে ৪ জন, মোহনপুরে ১১ জন, বাগমারায় ২০ জন, চারঘাটে ৩৫ জন, বাঘায় ২০ জন ও দুর্গাপুরে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসপি জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার অভিযুক্ত আসামি। পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪১১ ঘ.