জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীদের হামলায় ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আফম কামালউদ্দিন হলে এ ঘটনা ঘটে। ছাত্রলীগকর্মীরা হলের বেশ কয়েকটি কক্ষও ভাংচুর করেছে।
আহতরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র শুদ্ধ এবং গণিত বিভাগের একই ব্যাচের ছাত্র নিপু।
তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কেন্দ্রের চিকিৎসক সামছুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
হলের ছাত্ররা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনির নেতৃত্বে ২০/২৫ জন হকিস্টিক ও লাঠি নিয়ে হলে ঢুকে ছাত্রদলকর্মীদের খুঁজতে থাকে। ওই সময় শুদ্ধ ও নিপুকে সামনে পেয়ে তারা বেধড়ক পেটায়।
এরপর বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কামালউদ্দিন হলে জড়ো হয়। তারা ছাত্রদলকর্মীদের অন্তত ১৩টি কক্ষ ভাংচুর করে।
এরপর আল বেরুনী হলেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ছাত্রলীগের কর্মীরা।
ছাত্ররা জানিয়েছে, আহত ছাত্রদলকর্মীরা গত বছরের জানুয়ারি মাসে ছাত্রলীগকর্মীদের পিটিয়ে হল থেকে বের করে দিয়েছিল।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মাহমুদ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈধ ছাত্র হয়েও এতদিন হলে থাকতে পারিনি, আমাদের ওপর বারবার হামলা হয়েছে। এখন আমরা ক্যাম্পাসে এসেছি।"
তবে ছাত্রদলকর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমরা ছাত্রদলের মতো খারাপ আচরণ করব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৬ ঘ.
bdnews24