২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮তম বিসিএস প্রার্থী প্রায় ১ লাখ ২০ হাজার

২৮তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭২০টি পদের বিপরীতে প্রায় এক লাখ বিশ হাজার আবেদনপত্র জমা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭২০টি পদের বিপরীতে প্রায় এক লাখ বিশ হাজার আবেদনপত্র জমা পড়েছে। বৃহস্পতিবার ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ দিনে প্রাথমিক গণনায় এই তথ্য পাওয়া যায়। গত ৩১ মার্চ থেকে ফরম বিতরণ শুরু হয়। সরকারি কর্ম কমিশনের পরিচালক (বিসিএস পরীক্ষা) আওলাদ হোসেন খান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক গণনায় এ পর্যন্ত এক লাখ আঠার হাজারের মতো ফরম জমা পড়েছে। তবে এখনও নয়টি জেলার তথ্য পাওয়া যায়নি। সেখানে আরও দুই হাজারের মতো ফরম জমা পড়তে পারে।" তিনি জানান, মোট এক লাখ ৫৯ হাজার আবেদন ফরম ব্যাংকগুলোতে দেওয়া হয়েছিল। জমা পড়া ফরমের মধ্যে ১৭ হাজার ফরম জেলাগুলো থেকে এবং বাকি ফরম ঢাকাসহ আঞ্চলিক অফিসে জমা পড়ে। এবারই প্রথম জেলাগুলোতেও বিসিএসের ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএইচবি/২০৪০ ঘ.