চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কোটা পদ্ধতি পরিবর্তনের কোন সিদ্ধান্ত নিলে তা ২৭তম বিসিএস থেকেই প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন।
কোটা পদ্ধতি মূল্যায়নে বিভিন্ন সুপারিশ শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে পিএসসি আয়োজিত 'বাংলাদেশের সরকারি চাকুরীতে কোটা ব্যবস্থা' শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে ড. সা'দত হুসাইন এ কথা বলেন।
তিনি বলেন, "আগামী ১৮ মে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর আনুষ্ঠানিকতাসহ নিয়োগ প্রক্রিয়ার সবকিছু শেষ করতে তিন মাসের মত সময় লাগবে। এর মধ্যে সরকার কোটা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত দিলে ২৭তম বিসিএস থেকেই তা কার্যকর করা সম্ভব হবে।"
এই কোটা পদ্ধতিতে কোন পরিবর্তন করা হলে সেটা আগের মত সরকারের নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব হবে। এর জন্য অধ্যাদেশ বা আইনের প্রয়োজন হবে না বলেও তিনি মনে করেন।
ড. সা'দত বলেন, "নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোটা ব্যবস্থায় পরিবর্তন হওয়া প্রয়োজন। পুরো বিষয়টি সামগ্রিকভাবে পর্যালোচনা করার সময় এসেছে।"
পর্যালোচনার লক্ষ্যে সকল স্তরে এবং সকল অঞ্চলের লোকজনের মতামত জানার জন্য সেমিনারের আয়োজন করা হচ্ছে। কোন পরিবর্তন আসার আগে সবাই যাতে বিষয়টি সম্পর্কে সম্যকভাবে জানতে পারে এবং বিবেচনা করতে পারে সেজন্য মতামত যাচাই করা হচ্ছে বলে পিএসসি চেয়ারম্যান জানান।
তিনি বলেন, এর আগে ঢাকায় সেমিনার হয়েছে। চট্টগ্রামের পর বরিশালের প্রতিনিধিসহ খুলনায় এবং রাজশাহীতেও সেমিনার করা হবে। এরপর ঢাকায় আরও একটি সেমিনার শেষে সরকারের কাছে এসব পর্যালোচনা ও সুপারিশ তুলে ধরা হবে।
ড. সা'দত বলেন, "কোটা ব্যবস্থার প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সমস্যা অনেক বেশি ও জটিল। এই পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে প্রশাসনের নিচের সারিতে এ নিয়ে ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত কিছু ভুল ও দূর্নীতি হয়ে থাকে।"
৬৪ জেলায় বিদ্যমান কোটা ব্যবস্থা এখন আর কার্যকরী নয় বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, যে উদ্দেশ্য নিয়ে ছোট কিংবা অনগ্রসর জেলাগুলোর জন্য এ ব্যবস্থা চালু করা হয়েছিল তা পাল্টে গেছে। মেহেরপুর, পঞ্চগড় কিংবা পার্বত্য জেলাগুলো প্রচলিত এ পদ্ধতিতে কোন সুবিধায় পাচ্ছে না। এ কারণে এটি পর্যালোচনার সময় এসেছে।
২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ড. সা'দত বলেন, সরকারি চাকরিতে মেধাশূন্যতা দেখা দিচ্ছে। আগের তুলনায় মান অনেক নিচের দিকে নেমে যাচ্ছে।
তিনি মনে করেন, সরকারি চাকরির ব্যাপারে মেধাবীরা আগ্রহ হারাচ্ছে বলেই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে। এর কারণ বেতন কাঠামো। তিনি বলেন, "এক লাখ টাকা বেতনের চাকরি আর সাত হাজার টাকার চাকরি এক নয়। সরকারকে এ নিয়ে ভাবতে হবে।"
পিএসসি চেয়ারম্যান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও সবার জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করার উপর জোর দেন। একই সাথে শিক্ষা প্রসারের নামে যততত্র উচ্চ শিক্ষা কোর্স চালুর বিরোধিতা করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- পিএসসি সদস্য এওয়াইএম মোশাররফ হোসাইন এবং মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাইদী সাত্তার।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ খায়ের, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল ওয়াহাব চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম মাওলা, ইংরেজী দৈনিক নিউজ টুডে'র সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, দৈনিক আজাদী'র সম্পাদক এম এ মালেক, বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বার্ড) মহাপরিচালক খায়রুল কবির, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান এবং শিক্ষার্থীসহ প্রায় চল্লিশ জন্য বক্তা কোটা পদ্ধতি বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
অধিকাংশ বক্তা কোটা পদ্ধতি বহাল রেখে তা নির্দিষ্ট সময় পরপর মূল্যায়ন ও সংস্কারের কথা বলেন। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটা বিষয়ে সেমিনারে দুই ধরনের বক্তব্য এসেছে।
এক পক্ষ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ভালোমানের লেখাপড়ার ব্যবস্থা করার মাধ্যমে কোটা বজায় রাখার কথা বলেন। অপর পক্ষ মনে করেন, এ কোটা পূরণ না হওয়ায় তা দূর্নীতির সুযোগ তৈরি করছে। সেজন্য তা কমিয়ে আনার পক্ষে মত ব্যক্ত করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/জিএনএ/১৮২৩ ঘ.
bdnews24