ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০০৯ সালের কার্যকরী কমিটির নির্বাচনে ৯ টি পদ পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ ও বামপন্থী নীল ও গোলাপী দল। (বিস্তারিত)
নির্বাচনে শীর্ষ পদগুলোতে বেশ জোরালো প্রতিদ্বন্দ্বিতা হয়।
বুধবার সকাল দশটা থেকে দুপুর দু'টা পর্যন্ত শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ ফজলে এলাহী ফল ঘোষণা করেন।
শিক্ষক সমিতির সভাপতি পদে ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নীল ও গোলাপী দলের সদস্য ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামাতপন্থী সাদা দলের সদস্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ৫৫৮ ভোট পেয়েছেন। অধ্যাপক ড. খন্দকার বজলুল হক মাত্র ১৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট বেশি পেয়ে সাদা দলের এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জয়ী হন। তিনি ৫৭৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল ও গোলাপী দলের এবং অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ৫৬২ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে নীল ও গোলাপী দলের এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৬৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাদা দলের এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান ৪৬৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে নীল ও গোলাপী দলের এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী পান ৫৪৮ ভোট।
যুগ্ম সম্পাদক পদে সাদা দলের এবং পরিসংখ্যান, প্রাণ রসায়ন ও তথ্য পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফর রহমান ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী নীল দলের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিনাত হুদা ৫১৯ ভোট পেয়েছেন।
কার্যকরী কমিটির দশটি সদস্য পদের মধ্যে নীল দল ছয়টি পদেই জিতেছে। নীল ও গোলাপী দলের মধ্যে জয়ী হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ৬৬৭ ভোট, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম ৬৪৮ ভোট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ৬৪৬ ভোট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ ৬০৭ ভোট, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদ ৬০৬ ভোট এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম ৬০৫ ভোট পেয়েছেন।
সাদা দল থেকে জয়ী হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সদরুল আমিন ৬৫০ ভোট, রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজমেরী সেলিমা আখতার ইসলাম ৫৯৬ ভোট, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম সিরাজুল ইসলাম ৫৭৩ ভোট এবং প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা নুর ইসলাম ৫৬৬ ভোট পেয়েছেন।
নির্বাচনে ১১৬৮ ভোট পড়েছে। এর মধ্যে ১১ টি ভোট বাতিল হয়। এ বছর প্রায় ১৬০০ ভোটার ছিল। জামাতপন্থী অনেক শিক্ষক ভোট দেননি বলে জানা যায়। শিক্ষকরা বলছেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এ নির্বাচনকে অনেকখানি প্রভাবিত করেছে।
শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এবং জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বৃহস্পতিবার রাত নয়টায় নতুন কমিটির কাছে পুরনো কমিটি দায়িত্ব হস্তান্তর করবে।
জরুরি অবস্থা ও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে ২০০৮ সালে শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন হতে পারেনি। সর্বশেষ ২০০৬ সালের ৩১ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাদা দল সভাপতি, সহ-সভাপতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পেয়ে নির্বাচিত হয়েছিল। সাদা দল ২০০৬ সালের নির্বাচনে নয়টি পদ পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১১ঘ.
bdnews24