মুহসীন হল ক্যান্টিনের সন্দেহজনক মাংসের টুকরাটি পরীক্ষাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ক্যান্টিনে খাবারের সময় দেওয়া সন্দেহজনক মাংসের টুকরাটি পরীক্ষার জন্য অনুজীব বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে পরীক্ষার ফল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।
বুধবার আলমগীর কবির নামে এক ছাত্র মুহসীন হলের ক্যান্টিনে খাওয়ার সময় গরুর মাংসের টুকরা নিয়ে তার সন্দেহ হয়। এ সময় ক্যান্টিন বয় সাইফুল মাংসের টুকরাটি ফেলে দিলে শিক্ষার্থীদের সন্দেহ বেড়ে যায়। এরপর তারা ক্যান্টিনের পরিচালককে মারধর করে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার বৃহস্পতিবার জানান, এ ঘটনার তদন্তের জন্য গঠিত চার সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। এছাড়া ক্যান্টিনের নতুন পরিচালক নিয়োগের জন্য এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে। এই এক সপ্তাহ ম্যানেজার লিটনই ক্যান্টিন পরিচালনা করবেন।
বিকেলে প্রভোস্ট কমিটির সভায় মুহসীন হলের ঘটনা নিয়ে আলোচনা করা হয়। সভায় খুব দ্রুত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কমিটির আহ্বায়ক বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম।
