২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

জগন্নাথের ১২ শিবির কর্মী ৩ দিনের রিমান্ডে

রাজধানীর কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ১২ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 11:43 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শুক্রবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ পরিদর্শক বিল্লাল হোসাইন জনি আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাইলে বিচারক তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় বলে জানিয়েছেন পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার জাফর হোসেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. ইব্রাহিম আলী, ইসরাফিল হোসেন, আল মামুন রিপন, মেহেদী হাসান ওরফে মাহাদী, রওশন উল ফেরদৌস, মেহেদী হাসান, শ্রাবণ ইসলাম রাহাত, ফাহাদ হোসেন, ওবায়দুল ইসলাম, মোহাম্মদ শাহিন ইসলাম, আব্দুর রহমান অলি ও তৌহিদুর রহমান।

শুক্রবার এই ১২ জনসহ ২১ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা করেন উপ পরিদর্শক রুবেল খান।

মামলায় অভিযোগ করা হয়, এসব আসামিসহ অজ্ঞাত ৪০-৫০ জন জামায়াতে ইসলামের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যরা দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত, ভাবমূর্তি ক্ষুন্ন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, সরকার পতনের দাবিতে বিভিন্ন ছোট ছোট প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়।

এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য দিয়ে আসছিল বলে এজাহারে বলা হয়।