নিম্নচাপ: জেএসসির পরীক্ষা পেছাল
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬ নভেম্বর রোববারের জেএসসির বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ড এবং জেডিসির সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেএসসির বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডের রোববারের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে, আগামী ১২ নভেম্বর একই সময়ে এই পরীক্ষা হবে।
“আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসির স্থগিত হওয়া ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ১৯ নভেম্বর নেওয়া হবে। জেএসসির অন্য বোর্ডের রোববারের পরীক্ষা হবে।”
দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে গত ১ নভেম্বর থেকে একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী।
আগামী ১৭ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও রোববারের পরীক্ষা পিছিয়ে যাওয়ার ১৯ নভেম্বর পরীক্ষা শেষ হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে।
এ প্রেক্ষাপটে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরইমধ্যে দেশের অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ।
