২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদপূর্তির ২ দিন আগে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

মেয়াদপূর্তির দুইদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 03:40 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

রোববার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ২০১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন বলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর সোমবার সকালে তা চট্টগ্রামে পাঠানো হয়েছে।”

পূর্ণাঙ্গ কমিটিতে ২৬ জন সহ-সভাপতি ও নয় জন যুগ্ম সাধারণ সম্পাদক আছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু জানান।

২০১৫ সালের ২০ জুলাই টিপুকে সভাপতি ও ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সাত মাসে চার দফা সংঘর্ষে জড়ানোয় চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

স্থগিতাদেশ না উঠিয়েই কমিটি পূর্ণাঙ্গ করা প্রসঙ্গে দেলোয়ার শাহজাদা বলেন, “স্থগিত থাকলে তো কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা নেই। কমিটি বাতিল হলেই কেবল কার্যক্রম চালানো যায় না।”

আর মেয়াদপূর্তির দুই দিন আগে কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে তার জবাব, “মেয়াদ শেষ হতে পারে। তবে নতুন কমিটি গঠন একটা প্রক্রিয়াগত বিষয়। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি প্রস্তুতি গ্রহণ করে সিদ্ধান্ত জানাবে।”

এদিকে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার সকালে ফেইসবুকে তিনি নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ‘শিবিরমুক্ত’ করতে গিয়ে আহত আব্দুল হান্নান সাব্বির ও এনামুল হক আরাফাত নতুন কমিটিতে ‘ঠাঁই না পাওয়ায়’ হতাশাও প্রকাশ করেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দণ্ডিত এ ছাত্রলীগ নেতা।