‘নির্যাতক’ এসআই মাসুদের শাস্তি দাবিতে কর্মসূচি ঢাবিতে
গোলাম রাব্বীর উপর ‘নির্যাতনকারী’ পুলিশ কর্মকর্তা মাসুদ শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কর্মসূচি নিয়ে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সময় টেলিভিশনের সাবেক উপস্থাপক রাব্বী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা।
গত শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে রাব্বীকে আটক করে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে আলোচনা উঠার পর সোমবার মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহার করা হয় এসআই মাসুদকে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে পুলিশ।
তাতে সন্তুষ্ট না হয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এসআই মাসুদকে শুধু ‘ক্লোজড’ করলে হবে না, তাকে বরখাস্ত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সানাউল হক সানী, বর্তমান সাধারণ সম্পাদক লালন মাহমুদ, ছাত্রলীগের কবি জসীম উদদীন হল শাখার সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।
