২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি পরীক্ষা: দুই পরীক্ষার্থীসহ আটক ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোনসহ দুজন পরীক্ষার্থীকে এবং ‘জালিয়াতির চেষ্টার অভিযোগে’ আরও দুইজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 11:00 AM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী শুক্রবার পরীক্ষার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

আটকরা হলেন- আব্দুস সালাম, জুবাইদুল ইসলাম, মিল্টন ও পাভেল।

এদের মধ্যে সালাম ও জুবাইদুল ভর্তি পরীক্ষার্থী। আর মিল্টন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র।  

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়। ১ হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ৯০ হাজার ১৩০ জন শিক্ষার্থী এ পরীক্ষা দেন।

অধ্যাপক আমজাদ আলী বলেন, পরীক্ষা চলাকালে শেরে বাংলানগর সরকারি বিদ্যালয় কেন্দ্র থেকে সালাম এবং মতিঝিল সরকারি বালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জুবাইদুলকে আটক করা হয়।

“এরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করেছিলেন। পরীক্ষা চলাকালে তাদের মোবাইলে এসএমএসও এসেছিল। দুজনকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়েছে। সেখানে তাদের বিচার হবে।”

এর আগে বৃহস্পতিবার রাতে ‘জালিয়াতির চেষ্টার অভিযোগে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র মিল্টন ও পাভেল নামের এক ‘বহিরাগত’কে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর বলেন, “ওই দুইজন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করছিল। বিষয়টি জানতে পেরে ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।”

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নেব।”   

পুরনো খবর:

এটিএম কার্ড নয়, জালিয়াতের অস্ত্র