জগন্নাথে ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বলে দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘এ’ ইউনিটে ৭৬০টি আসনের বিপরীতে ১০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।
এর মধ্যে বিজ্ঞান শাখার ৭২৫টি আসনের বিপরীতে তালিকায় নয় হাজার ৭৫১ জন এবং অন্যান্য শাখার ৩৫টি আসনের বিপরীতে ৩৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৫৭ হাজার ৭০৩ জন শিক্ষার্থী আবেদন করে। তবে শুক্রবার পরীক্ষা গ্রহণের দিন ৪৮ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd –তে গিয়ে ফলাফল দেখতে পারবেন।
