জগন্নাথে ভর্তি: বিশ্ববিদ্যালয়ে কড়াকড়ি, বাইরে ঢিলেঢালা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কড়া নজরদারি থাকলেও বাইরের কয়েকটি কেন্দ্রে অব্যবস্থাপনা দেখা গেছে।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১৩টি কেন্দ্রে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
বাণিজ্যের ৫৪০টি ও অন্যান্য বিষয়ের ৮০টিসহ মোট ৬২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিতে ৩৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে এবার প্রতি আসনে প্রতিদ্বন্ধিতা করেছেন প্রায় ৫৬ জন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভর্তি সংক্রান্ত অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্ট আইনের আওতায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত ছিলেন।
এ কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের জন্য ড্রেসকোডে ছাড় দেওয়া হলেও পোশাক চেক করা, যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনে বাধা দেওয়া ও পরীক্ষা চলাকালীন সময়ে অন্যদের প্রবেশ বন্ধ রাখাসহ নজরদারি দেখা যায়।
তবে নাজিমুদ্দিন রোডের শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, বকশীবাজারের বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, এসব কেন্দ্রে পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্র দেখিয়ে কোনো ধরনের চেকিংয়ের সম্মুখীন হওয়া ছাড়াই প্রবেশ করতে পেরেছেন।
এই চার কেন্দ্রে ১১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে পরীক্ষা চলাকালীন সময়ে খেলা চলছিল। ফলে পরীক্ষা কেন্দ্রের সামনেই খেলোয়াড় ছাড়াও অন্যদের উপস্থিতি দেখা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলার সময় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলা চলে
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্রগুলিতে আমরা নির্দেশনা দিয়ে প্রতিনিধি পাঠিয়ে থাকি। বড় ধরনের কোনো অনিয়ম কোথাও চোখে পড়লে তারা সেটি আমাদের জানানোর কথা। প্রতিনিধিরা যথাযথভাবে দায়িত্ব পালন না করলে আমাদের করার তেমন কিছু করার থাকে না।"
'সি' ইউনিটের পরীক্ষার পর রাত পর্যন্ত কোনো কেন্দ্র থেকে এ ধরনের কোনো অভিযোগ পাননি জানিয়ে প্রক্টর বলেন, "এরপর থেকে আমরা এসব বিষয়ে নজর রেখে আরও কড়াকড়ি ব্যবস্থা নেব।"
তবে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বন রোধে আমরা প্রযুক্তির ব্যবহার ছাড়াও পোশাকসহ অন্যান্য বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছি। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
“পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রেই কোন ধরনের অসদুপায় অবলম্বনের ঘটনা ঘটেনি।”
