ডেঙ্গুর পরবর্তী জটিলতায় প্রাণ গেল জগন্নাথ শিক্ষার্থীর
রুদ্র চন্দ্র সরকার জগন্নাথ ববিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সেমিস্টার ফাইলনাল পরীক্ষা দিয়েছিল গত মাসে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রুদ্র চন্দ্র সরকার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন; তার বাড়ি কুড়িগ্রামে।
শুক্রবার রাতে রাজধানীর জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুদ্রর মৃত্যু হয় বলে তার সহপাঠী অর্ণব সরকার জানান।
অর্ণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত মাসের শেষের দিকে আমাদের সেমিস্টার ফাইনাল চলছিল, তখন ওর (রুদ্র) জ্বর আসে; ওই অবস্থাতেই সে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে বাড়ি চলে যায়। পরে যোগাযোগ করার পর জানতে পারি, ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, ফুসফুসে সমস্যা হয়েছে।"
অর্নব জানান, জুলাই মাসের ৩১ তারিখে তার বন্ধুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
“রুদ্রর কিনডি ড্যামেজ হয়ে যায় এবং ফুসফুসে পানি জমে। পরে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকের আইসিইউতে নেওয়া হয়। ওই রাতেই ঢাকায় মিরপুর ডেল্টা হাসপাতালে পাঠানো হয় ওকে।
"ডেল্টা হাসপাতাল থেকে আগে কিনডি ডায়লাইসিস করতে বলা হয়। সেখান থেকে তাকে ধানমণ্ডি জেনারেল কিডনি হাসপাতালে রেফার করা হয়। তারপর ডায়লাইসিস করতে করতে ব্রেন ড্যামেজ হয়ে সে কোমায় চলে যায়। পরে রাতের দিকে শুনি সে আর নাই।"
অর্ণব জানিয়েছেন রুদ্রর শেষকৃত্য হবে কুড়িগ্রামে গ্রামের বাড়িতে।
দেশে এবছর ডেঙ্গু প্রকোপ বেড়েই চলছে।চলতি বছরে এই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ২৮৩ জন। এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৭১৬ জনে।
