Published : 19 Aug 2025, 01:41 AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদলের অভিযোগ তোলার কয়েক ঘণ্টা পর সংগঠনটির বিরুদ্ধে ‘আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের ওপর চাপ’ তৈরির অভিযোগ এনেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
সোমবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন পায়রা চত্বরে জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
তার দাবি, নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহকালে ছাত্রদল আচরণবিধি মানেনি এবং প্রশাসনের ওপর চাপ তৈরি করে মনোনয়নপত্র সংগ্রহের মেয়াদ বাড়িয়ে নিয়েছে।
লিখিত বক্তব্যে কাদের বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে। আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। ”
এর আগে ছাত্রদল ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ‘মব’ তৈরি করে বাধা দেওয়ার অভিযোগ তোলে। পরে এ ঘটনার তদন্তে তদন্ত কমিটি করেছে ডাকসুর নির্বাচন কমিশন। একই সঙ্গে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে এ সংগঠনের নেতারা নিজেদের ব্যানারে নয়, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে অংশ নেবেন। সোমবার বিকালে আরেকটি সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন তখন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাদের উপস্থিত ছিলেন।
রাতে জরুরি সংবাদ সম্মেলনে বাগছাসের নেতা কাদের ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের প্রার্থীদের ফরম নিতে বাধা দেওয়ার ঘটনার বিষয়ে বলেন, মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের চেষ্টা করে। এতে হলের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এখানে সুস্পষ্ট আচরণবিধি ভঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
“উল্টো জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিরোধকে ‘মব’ হিসেবে সম্বোধন করা হয়েছে, যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি।”
তিনি বলেন, “আমরা মনে করি এই ধরণের আচরণ জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে, প্রশাসনের পক্ষপাতীত্বের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাধের ধারা তৈরি হয়েছে, সেটিকে ধ্বংস করে। ফজিলাতুন্নেছা হলের ঘটনাকে ’লাঞ্ছনা’ হিসেবে ’ফ্রেম’ করার মাধ্যমে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রহসন হিসবে দেখে।“
এর আগে সেনেট ভবনেও এক ছাত্রদল নেতার আচরণবিধি ভঙ্গ করেছেন দাবি করে তিনি বলেন, মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণ বিধি উল্লেখ থাকলেও ছাত্রদলের জসিমউদদীন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম মিছিল ও স্লোগানসহ প্রবেশ করেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানোকে ডাকসু বিলম্বিত করার অপচেষ্টা অভিযোগ করে কাদের বলেন, ছাত্রদল ‘সবার জন্য সমান সুযোগ তৈরি করার’ যে দাবি তুলেছে সেটিও ডাকসু বানচালের অপচেষ্টা।
ছাত্রদল প্যানেল দিতে না পারায় মনোনয়ন সংগ্রহের সময় বাড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা এখনো তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
“আমরা আশঙ্কা করছি প্রশাসনের উপর এরূপ চাপ প্রয়োগ করে ডাকসু নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলা হবে। কিন্তু আমরা ২০১৯ সালের মতো প্রশাসন চাই না যারা একটি ছাত্রসংগঠনের প্রতি নতজানু হয়ে থাকবে।”
সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ডাকসু: মনোনয়ন ফরম নিতে বাধার অভিযোগ ছাত্রদলের, তদন্তে কমিটি