১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু: মনোনয়ন ফরম নিতে বাধার অভিযোগ ছাত্রদলের, তদন্তে কমিটি

‘মব’ করে একটি ছাত্রী হলে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর ফরম নেওয়া ও জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 11:14 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ‘মব’ তৈরি করে বাধা দেওয়ার অভিযোগ ওঠার বিষয়ে তদন্ত কমিটি করেছে ডাকসুর নির্বাচন কমিশন। 

সোমবার রাতে সহকারী প্রক্টর অধ্যাপক মো. রবিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি করা হয়েছে।

কমিটিকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে ‘জরুরি ভিত্তিতে’ সুপারিশ প্রদানের জন্য বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নির্বাচন কমিশন।

কমিটি গঠনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্র বিতরণের শেষ মুহূর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা যাচাই, মূল্যায়ন ও সুপারিশ দিতে এ কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক এস এম আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর অধ্যাপক এ কে এম নূর আলম সিদ্দিকী ও সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী।

এর আগে ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ‘মব’ তৈরি করে বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার হলের ‘নিরাপত্তা কর্মকর্তাদের’ উপস্থিতিতে আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারেননি অভিযোগ করে ছাত্রদলের নেতারা ‘মবকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

তবে কোনো সংগঠনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে কি না তা স্পষ্ট করেননি সংগঠনটির নেতারা।

এরপর তদন্ত কমিটি গঠন এবং প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ডাকসুর নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

ডাকসু নির্বাচনছাত্রী হলে মনোনয়ন ফরম সংগ্রহে বাধার অভিযোগ ছাত্রদলের

ডাকসু নির্বাচনমনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল একদিন

ডাকসু নির্বাচন২৮ পদে লড়তে চান ৫৬৫ জন