১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু নির্বাচন: ২৮ পদে লড়তে চান ৫৬৫ জন

“ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে প্রার্থীতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে,” বলেন প্রধান নির্বাচন কমিশনার।

ডাকসু নির্বাচন: ২৮ পদে লড়তে চান ৫৬৫ জন
ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরস সংগ্রহের তথ্য জানাতে সোমবার ব্রিফিংয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার জসীম উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

এর মধ্যে ৪৪২ জন ফরম সংগ্রহ করেন সোমবার শেষ দিনে এসে। আগের আট দিনে নেন ১২৩ জন।

সোমবার বিকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্রিফিংয়ে এসে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। 

ব্রিফিংয়ে বলা হয়, হল সংসদ নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭ ও জসীমউদ্দিন হলে ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

এছাড়া জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮,  এফ রহমান হলে ৭৩ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২২৬ জন। 

মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরের দিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হওয়ার কথা তফসিল ৯ সেপ্টেম্বর। 

ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। 

“ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে প্রার্থীতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।”