১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল একদিন

বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ‘মব’ তৈরি করে বাধা দেওয়ার অভিযোগ করে ছাত্রদল।

ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল একদিন
ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 09:59 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

একটি ছাত্রী হলে ছাত্রদলের নেতাকর্মীদের ফরম সংগ্রহে বাধার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের সময় এক দিন বাড়ানো হয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবারও ফরম সংগ্রহের সময় বাড়ানোর কথা জানান।

এবারের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ‘বিপুল উৎসাহ-উদ্দীপনা’ তৈরি হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা আরও লক্ষ্য করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

”এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণের ও গ্রহণের সময় যথাক্রমে মঙ্গলবার বিকাল ৫টা এবং বুধবার বিকাল ৫টা করা হয়েছে।”

এর আগে এদিন সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ‘মব’ তৈরি করে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এতে করে হলের ‘নিরাপত্তা কর্মকর্তাদের’ উপস্থিতিতেও তাদের প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারেনি বলে অভিযোগ সংগঠনটির নেতাদের।

তারা ‘মবকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান।