০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ডাকসুর ভিপি পদপ্রার্থী জালালের জামিন আবেদন ফের নাকচ

জালাল ২৬ অগাস্ট মধ্যরাতে রুমমেট রবিউলকে মারধর ও ভাঙা টিউব লাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে।

ডাকসুর ভিপি পদপ্রার্থী জালালের জামিন আবেদন ফের নাকচ
আদালতে জালাল আহমদ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের জামিনের আবেদন ফের নাকচ করেছে আদালত।

ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ বুধবার শুনানির নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন।

জালালের পক্ষে এদিন শুনানি করেন তার আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) ।

গত ২৭ অগাস্ট জামিন নাকচ করে জালালকে কারাগারে পাঠানো হয়েছিল। সোমবার জালালের পক্ষে জামিন আবেদন করেও প্রত্যাহার করে নেন আইনজীবী। 

মঙ্গলবার জামিন আবেদন করেও আইনজীবী শুনানিতে না যাওয়ায় আদালত তা নামঞ্জুর করে। এরপর বুধবার ফের আবেদন করে আইনজীবী শুনানি করলেও ফল বদলায়নি। 

টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী জালাল হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। ২৬ অগাস্ট মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে মারধর ও ভাঙা টিউব লাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে।

সেই রাতে তাকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল রাত ১২টার দিকে নিজের কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে জালাল ঘরে ঢুকে বৈদ্যুতিক লাইট জ্বালান এবং চেয়ার টানা হেঁচড়া করে ‘বিকট’ শব্দ করতে শুরু করেন।

তাতে রবিউলের ঘুম ভেঙে যায়। তিনি জালালকে বলেন, “ভাই সকালে আমি লাইব্রেরিতে যাব, আপনি একটু আস্তে শব্দ করেন।”

জালাল তাতে ক্ষিপ্ত হয়ে রবিউলের সঙ্গে তর্ক শুরু করেন এবং এক পর্যায়ে রবিউলকে ‘হত্যা করার উদ্দেশ্যে’ কাঠের চেয়ার দিয়ে মাথা লক্ষ্য করে বাড়ি মারেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, রবিউল তার হাত দিয়ে কাঠের চেয়ারের আঘাত প্রতিহত করলেও চেয়ারের কাঠের আঘাত তার কপালে জখম হয়।

পরে জালাল ওই রুমের ভেতর থাকা পুরনো টিউব লাইট দিয়ে রবিউলকে ‘হত্যার উদ্দেশ্যে’ তার মাথা লক্ষ্য করে আঘাত করেন। রবিউল মাথা সরিয়ে নিলেও তার বুকের বাঁ পাশে আঘাত লাগে এবং টিউব লাইট ভেঙে কাটা জখম হয়। জালাল তখন ভাঙা ও ধারালো টিউব লাইট দিয়ে রবিউলকে আঘাত করলে তিনি বাঁ হাত দিয়ে প্রতিহত করেন। তাতে হাতে কাটা জখম হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।