২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

হেইলিবারি স্কুলে ১১ জুন থেকে ‘এমআইটি স্টুডেন্ট কনফারেন্স’

শিক্ষার্থীরা আন্ডার ওয়াটার রোবোটিক্স, এআই পাওয়ারড হুইলচেয়ার এবং হ্যান্ডহেল্ড পলুউশন ম্যাপিং ডিভাইসসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে পরিচিত হতে পারবে।

হেইলিবারি স্কুলে ১১ জুন থেকে ‘এমআইটি স্টুডেন্ট কনফারেন্স’
হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:02 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) সঙ্গে পাঁচ দিনব্যাপী ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ এর আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেইলিবারি ভালুকা।

যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এজারটন সেন্টারের সহযোগিতায় আগামী ১১ থেকে ১৫ জুন ময়মনসিংহের ভালুকায় হেইলিবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে এই সম্মেলন হবে। 

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি বলেন, “এই যৌথ অগ্রণী উদ্যোগ শিক্ষার্থীদের নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

“বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয় এমআইটি-কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। আট হাজার মাইল পথ পাড়ি দিয়ে এমআইটির ফ্যাকাল্টি মেম্বার এবং গ্র্যজুয়েটরা আসছে হেইলিবারি ক্যাম্পাসে। তারা যে বাংলাদেশে এ ধরনের একটি আন্তর্জাতিক স্টুডেন্ট কনফারেন্স করতে আগ্রহ দেখিয়েছে, এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সে’ এমআইটির চারজন ফ্যাকাল্টি মেম্বারসহ ছয়জন এমআইটি গ্র্যাজুয়েটের তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবনী শক্তিকে উন্নত স্তরে প্রসারিত করা এবং একটি কার্যকর সমাধানের লক্ষ্যে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত ১১-১৪ বছর বয়সী ১০০ জন শিক্ষার্থী ।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্ডার ওয়াটার রোবোটিক্স, এআই পাওয়ারড হুইলচেয়ার এবং হ্যান্ডহেল্ড পলুউশন ম্যাপিং ডিভাইসসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের সঙ্গে পরিচিত হতে পারবে এবং সেগুলোর পরিচালনা সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারবে। 

বিখ্যাত হ্যারি পটার সিরিজের ‘আন্ডার ওয়াটার হ্যারি পটার কুইডিচ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও থাকছে অংশগ্রহণকারীদের জন্য।

সম্মেলন শেষ দিনে অংশগ্রহণকারীদের সকলকে এমআইটির এজগারটন সেন্টারের পক্ষ থেকে সনদ দেয়া হবে।