১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইইউবি উপাচার্য পদে যোগ দিলেন ম. তামিম

গত ১৭ ডিসেম্বর উপাচার্য পদে নিয়োগ পান বুয়েটের পেট্রোলিয়াম ও খনিজসম্পদ প্রকৌশলের এই অধ্যাপক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 07:15 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য পদে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ প্রকৌশলের অধ্যাপক ম. তামিম।

এর আগে গত ১৭ ডিসেম্বর অধ্যাপক তামিমকে চার বছরের জন্য আইইউবির উপাচার্য হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অধ্যাপক তামিম এর আগে বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। 

“তিনি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, ভারতের আইআইটি মাদ্রাজ থেকে স্নাতকোত্তর এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জ্বালানি অর্থনীতি, রিজার্ভ ম্যানেজমেন্ট, নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং বিশ্লেষণধর্মী কম্পিউটার মডেল তৈরি ও গবেষণায় অধ্যাপক তামিমের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।

“এছাড়া তিনি গ্রিনহাউস গ্যাস, জ্বালানি দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত সমাধান নিয়ে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে অধ্যাপক তামিমের উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৯৯৫ সাল থেকে অধ্যাপক তামিম বিভিন্ন সরকারের অধীনে জ্বালানি নীতি প্রণয়ন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

“২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক বছরের জন্য অধ্যাপনা থেকে ছুটি নিয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। ২০১৯-২০ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও কিছু সময় দায়িত্ব পালন করেন।”