জাবিতে ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’: দণ্ডিত জবি শিক্ষার্থীর জামিন
অন্য একজনের হয়ে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষায় বসায় তাকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান শাকিলকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়তুল ইসলাম বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী রাকিবুল ইসলাম জানান।
শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অন্য একজনের হয়ে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে গত ১৯ জুন তিনি গ্রেপ্তার হন।
এরপর ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ওই সময় জানানো হয়েছিল, এর আগেও শাকিল ‘সি’ ও ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দিয়েছিলেন।
ওইদিন তিনি ‘বি’ ইউনিটের মুহীন তাশদীদ মাহি নামে এক শিক্ষার্থীর হয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষে পরীক্ষায় বসেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে তিনি শাকিলকে প্রক্টর অফিসে পাঠান।
পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘প্রক্সি’ দেওয়ার কথা স্বীকার করেন শাকিল।
